ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে এনেছে সর্বাধুনিক ফিচার ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) চারটি নতুন মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন। এ উপলক্ষে ১২ মে রাজধানীর বসুন্ধরার ওয়ালটন করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী জয়া আহসান নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলো উন্মোচন করেন। অনুষ্ঠানে নতুন প্রযুক্তিনির্ভর পণ্যগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য এসব পণ্যের বিশেষ সুবিধাগুলো সম্পর্কেও আলোচনা করা হয়।
নতুন এসব মডেলের ফ্রন্ট-লোড সিরিজে রয়েছে ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার ডব্লিউডব্লিউএম-এএফবি৮০ এবং ডব্লিউডব্লিউএম-এএফবি৯০ মডেল। পাশাপাশি স্টিম ওয়াশ ফিচারযুক্ত ৮ কেজির ডব্লিউডব্লিউএম-এএফডি৮০ এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো ডব্লিউডব্লিউএম-এএফসি১২এম মডেলও বাজারে আনা হয়েছে।







