ডিজিটাল লেনদেনের তথ্যের ভিত্তিতে প্রিয়শপের যোগ্য মার্চেন্ট ও ডিস্ট্রিবিউটরদের জামানতবিহীন ঋণ ও কার্যকরী মূলধন সুবিধা দেবে এনআরবি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বি-টু-বি রিটেইল প্ল্যাটফর্মটির সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে ব্যাংকটি। এর মাধ্যমে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির আওতায় প্রিয়শপ প্ল্যাটফর্মে সংরক্ষিত অর্ডার, পণ্য সরবরাহ ও ডিজিটাল পেমেন্টের তথ্য ব্যবসায়ীদের ঋণযোগ্যতা যাচাইয়ে কাজে লাগানো হবে। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য কার্যকরী মূলধন ঋণ সুবিধাও পাবেন যোগ্য ব্যবসায়ীরা।
প্রিয়শপের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আশিকুল আলম খান বলেন, এনআরবি ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কমার্স, বাংলা কিউআর, ব্যাংকিং ও দায়িত্বশীল ঋণসেবাকে একটি প্ল্যাটফর্মে আনা হচ্ছে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়মিত লেনদেনের তথ্যই ভবিষ্যতে আর্থিক সেবা পাওয়ার সুযোগ তৈরি করবে বলেও জানান তিনি।
এনআরবি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার কিমিয়া সাদাত বলেন, ডিজিটাল পেমেন্ট, ব্যাংকিং অবকাঠামো ও দায়িত্বশীল অর্থায়নের সমন্বয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করা হবে।
চুক্তির আওতায় ভবিষ্যতে কো-ব্র্যান্ডেড এসএমই বিজনেস ক্রেডিট কার্ড, সাপ্লাই চেইন ও ইনভয়েস ফাইন্যান্সিং এবং লজিস্টিকস ও ডেলিভারি কর্মীদের জন্য পে-রোল ও প্রিপেইড কার্ড চালুর পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের। পাশাপাশি বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন, হিসাব খোলা ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সম্প্রসারণ করা হবে।














