এসবিএসি ব্যাংকের নতুন এএমডি আবদুল কাইয়ুম চৌধুরী

0
90

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট ব্যাংকার আবদুল কাইয়ুম চৌধুরী। এসবিএসি ব্যাংকে যোগদানের আগে তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিন দশকেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোতে সফলভাবে কাজ করে নেতৃত্ব ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আবদুল কাইয়ুম চৌধুরী ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং সেখানে দীর্ঘ আট বছরেরও অধিক সময় কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি সাউথইস্ট ব্যাংকে দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে প্রিন্সিপাল ও ধানমন্ডি শাখার ব্যবস্থাপক এবং ফরেন ট্রেড সার্ভিসেস ডিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০২৩ সালের জানুয়ারিতে প্রিমিয়ার ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে যোগ দেন এবং সাফল্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং পেশায় আবদুল কাইয়ুম চৌধুরী পরিকল্পনা প্রণয়ন, লক্ষ্যমাত্রা অর্জন, কার্যকর নেতৃত্ব প্রদান ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি সম্পদের গুণগত মান নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় তার অবদান উল্লেখযোগ্য। ব্যাংকিং খাতে তার অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এবং একাধিকবার সেরা ব্যবস্থাপকের সম্মাননা অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে অর্থনীতি ও ব্যাংকিংবিষয়ক বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
ব্যক্তিজীবনে তার সহধর্মিণী একজন জ্যেষ্ঠ ব্যাংকার এবং তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। আবদুল কাইয়ুম চৌধুরী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।