দেশের ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং খাতের অর্থ পৌঁছে দিতে ১১টি বাণিজ্যিক ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানির সঙ্গে ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। প্রতিষ্ঠানটির বাস্তবায়নাধীন ক্রেডিট এনহ্যাঞ্চমেন্ট স্কিমসের আওতায় পৃথক বারোটি চুক্তি স্বাক্ষরিত হয়। ২০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুক্তি স্বাক্ষরকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হলোÑ ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (ইউবিকো)। এই চুক্তির ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে পিকেএসএফের বিভিন্ন সহযোগী সংস্থাগুলোকে তাদের ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমে সর্বমোট ২ হাজর ৮০০ কোটি টাকা গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক কোম্পানিগুলো।
অনুষ্ঠানে পিকেএসএফের ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল কাদের বলেন, দেশের স্বল্প আয়ের মানুষদের উদ্যোক্তায় রূপান্তরের যে উদ্যোগ পিকেএসএফ গ্রহণ করেছে, তার সফল বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতেই এ স্কিম চালু করা হয়েছে। এই স্কিমের আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো তা ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করবে এবং ঋণের গ্যারান্টি প্রদান করবে পিকেএসএফ। অনুষ্ঠানে পিকেএসএফের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেকটর মুহম্মদ হাসান খালেদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর বা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদ্বয় চুক্তিতে স্বাক্ষর করেন।









