সামাজিক সুরক্ষায় এডিবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

0
100

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ সরকারকে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি এবং কার্যকারিতা উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কারসমূহ কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করার জন্য ২৫০ মিলিয়ন ডলারের একটি ঋণ অনুমোদন করেছে। দ্বিতীয় সামাজিক স্থিতিস্থাপকতা শক্তিশালীকরণ কর্মসূচির উপ-কর্মসূচি ২-এর লক্ষ্য হলো দুর্বলতা, বঞ্চনা এবং দারিদ্র্যের ঝুঁকি কমাতে সুরক্ষামূলক ও প্রতিরোধমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা। এই কর্মসূচিটি সামাজিক সুরক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনার উন্নতি, এর পরিধি ও আওতা সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধির ওপর আলোকপাত করে।
এই কর্মসূচির আওতায় সংস্কারগুলোর মধ্যে রয়েছে অবদানভিত্তিক সামাজিক সুরক্ষা প্রকল্পের উন্নয়ন, যা দীর্ঘমেয়াদী আর্থিক চাপ কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। বিধবা ভাতা কর্মসূচির আওতায় আরও অন্তত ২ লাখ ৫০ হাজার অসহায় নারীকে সহায়তা প্রদান করা হবে এবং একটি মূল কর্মসংস্থান কর্মসূচির অধীনে জলবায়ু অভিযোজনমূলক উদ্যোগের মাধ্যমে অভিযোজিত সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা হবে। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যভিত্তিক পুনঃঅর্থায়ন প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক পরিষেবা প্রাপ্তির সুযোগ অন্তত ১৫ শতাংশ বৃদ্ধি পাবে। এই কর্মসূচির আওতাধীন উদ্যোগগুলো ক্ষুদ্র পর্যায়ে উল্লেখযোগ্য ফলাফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে উৎপাদনশীলতা ও দক্ষতার বৃদ্ধি, নারী শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসÑ যা ইতিবাচক সামষ্টিক অর্থনৈতিক প্রভাব ফেলবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।