সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর

0
28

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি এবং বেসিক ব্যাংক পিএলসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বেসিক ব্যাংক সোনালী ব্যাংকের নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হয়েছে। এর ফলে বেসিক ব্যাংকের মাধ্যমে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যেকোনো ব্যক্তি সহজেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ফি/চার্জ, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি, চালান ফি ইত্যাদি পরিশোধ করতে পারবেন।
২৩ জুন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বেসিক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কামরুজ্জামান খান এবং সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. শওকত আলী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অনুষ্ঠানে বেসিক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদ্বয় আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক আকলিমা ইসলাম, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক সুমিত রঞ্জন নাথসহ দুই ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।