রূপালী ব্যাংকের বাংলা কিউআর বিষয়ে জনসচেতনতা

0
33

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি আয়োজন করেছে।
২১ জুলাই রাজধানীর মগবাজারে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, বাংলা কিউআর ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করবে। ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসান তানভীর, মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম ও তানভীর হাসনাইন মইন এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও প্রচার কর্মসূচিতে ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, জোনাল অফিস ঢাকা সেন্ট্রাল এবং টিসিবি ভবন করপোরেট, মগবাজার, মলিবাগ, খিলগাঁও, নয়াটোলা ও রামপুরা শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।