দেশে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে ট্রাস্ট ব্যাংক ও বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওর্য়াকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ৮ ডিসেম্বর ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তি তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। চুক্তিতে ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই ডিভিশন সাদাত আহমাদ খান এবং বিএএন প্রধান নির্বাহী কর্মকর্তা আইভি হক রাসেল স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আহসান জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সমঝোতার মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে অর্থায়ন, কৌশলগত পরামর্শ, সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি এবং ব্যবসায়িক প্রস্তুতিতে সহায়তা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।













