বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ আবু জাফর গত বৃহস্পতিবার ছুটিতে যাওয়ার পর চলতি দায়িত্বে এমডি হয়েছেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিয়ামত উদ্দিন আহমেদ। ২৩ নভেম্বর প্রিমিয়ার ব্যাংক তাকে এ দায়িত্ব দিয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, নিয়ামত উদ্দিন আহমেদের পেশাগত অভিজ্ঞতা ২৮ বছরের। ২০১৭ সাল থেকে তিনি এ ব্যাংকে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকে কাজ করেছেন তিনি।
নিয়ামত উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স করেন। ১৯৬৯ সালে খুলনায় জন্মগ্রহণকারী নিয়ামত উদ্দিন আহমেদ প্রিমিয়ার ব্যাংকের লার্নিং অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারের একজন প্রশিক্ষক।
এইচবিএম ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় ২০২৪ সালের ২৪ এপ্রিল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে প্রতিষ্ঠানটিতে নিয়োগ পান মোহাম্মদ আবু জাফর। একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এইচ বি এম ইকবাল আর এ ব্যাংকে ফিরতে পারেননি। চলতি বছরের ২১ আগস্ট চেয়ারম্যান হয়ে আসেন ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান।













