ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষুদ্র বীমায় নারী কর্মীদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে নারী কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে কোম্পানিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান। সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ সফল নারী কর্মী এ সম্মেলনে অংশ নেন। মাঠ পর্যায়ে অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ১৫ নারীকর্মীকে পদক ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, ১৯৮৮ সালের সূচনা থেকেই ডেলটা লাইফ দেশের নিম্নবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গণগ্রামীণ বীমা নামে ক্ষুদ্রবীমা কার্যক্রম পরিচালনা করছে। এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে গণগ্রামীণ বীমায় নারী এজেন্টের সংখ্যা মোটের সাড়ে ৭২ শতাংশ। মোট প্রিমিয়াম আয়ের প্রায় ৬৮ শতাংশই এসেছে নারী কর্মীদের মাধ্যমে, যা ক্ষুদ্রবীমা খাতে তাদের অপরিসীম অবদানের প্রমাণ বহন করে। প্রধান অতিথির বক্তব্যে আদিবা রহমান বলেন, ডেলটা লাইফ সবসময়ই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। ভবিষ্যতেও নারীর অবদানের স্বীকৃতি প্রদান অব্যাহত রাখবে।








