বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

0
357

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন। প্রতিষ্ঠানটি অর্জন করেছে ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ২০২৪ সম্মাননা। এ নিয়ে দুবার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কারে ভূষিত হলো ওয়ালটন। এর আগে ২০১৪ সালে এ সম্মাননা পেয়েছিল পুঁজিবাজারের তালিকাভুক্ত শীর্ষ এই ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি।
গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ২৩তম আসরে ওয়ালটনকে এ সম্মাননা দিয়েছে বহুজাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মিয়ারুল হক এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড এ বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার সম্মাননা দেওয়ায় ডিএইচএল, ডেইলি স্টারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ওয়ালটন হাইটেকের ম্যানেজিং ডিরেক্টর এসএম মাহবুবুল আলম।