ননব্যাংকের কর্মকর্তাদের মধ্যে সুশাসন, কমপ্লায়েন্স এবং রেগুলেটরি নীতিমালা যথাযথভাবে অনুসরণের মনোভাব আরও দৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি ব্র্যাক ব্যাংক রিজিওনাল কমপ্লায়েন্স মিট ২০২৫ আয়োজন করেছে। গত ৩০ আগস্ট ২০২৫ ঢাকার গুলশানে অনুষ্ঠিত কমপ্লায়েন্স মিট ইভেন্টটিতে ব্যাংকটির দুটি রিজিওনের ৪৬টি শাখা ও উপশাখা, প্রিমিয়াম ব্যাংকিং এবং রিটেইল সেলস ডিভিশনের ২১০ জন কর্মকর্তা অংশ নেন। এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক নিয়ন্ত্রক সংস্থার দিকনির্দেশনা মেনে চলা, নৈতিক ব্যাংকিং, শক্তিশালী কমপ্লায়েন্স এবং সুশাসনের প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
মূল সেশনগুলো পরিচালনা করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) যুগ্ম পরিচালক এএনএম কালিম উদ্দীন হাসান তুষার, ব্র্যাক ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট (এএমএলডি), ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি), ব্রাঞ্চ গভর্ন্যান্স টিম কর্মকর্তাবৃন্দ। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং রিটেইল সেলস টিমের অংশগ্রহণ এই আয়োজনকে আরও কার্যকর ও বিস্তৃত করে তুলেছে।
এই আয়োজনে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। তিনি ফ্রন্টলাইন কর্মীদের উদ্যমী মনোভাবের প্রশংসা করে বলেন, কমপ্লায়েন্স এমন একটি বিষয়, যা প্রতিটি লেনদেন, সিদ্ধান্ত ও টিমের মধ্যে থাকতে হবে। স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি টেকসই নিশ্চিত করতে কমপ্লায়েন্সকে ব্যাংকের অপারেটিং মডেলের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে। আজকের আয়োজনটি আমাদের প্রতিষ্ঠানের সর্বস্তরে জবাবদিহিমূলক সংস্কৃতি গড়ে তোলার ব্যাপারে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।













