নতুনভাবে যাত্রা শুরু করল পূবালী ব্যাংক গুলশান সার্কেল-১ শাখা

0
27

ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির গুলশান সার্কেল-১ শাখাটি নতুনভাবে গুলশান সার্কেল-১ ইসলামী ব্যাংকিং শাখা নামে উদ্বোধন করা হয়েছে।
পূবালী ব্যাংক পিএলসির সাবেক এমডি শফিউল আলম খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহমদ এনায়েত মনজুর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখাপ্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ. কে. এম. আবদুর রকীব, ইসলামী ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক ও শরিয়াহ প্রধান মো. কামারুজ্জামান এবং মহাখালী করপোরেট শাখার মহাব্যবস্থাপক কাজী শাশ্বতী ইসলাম। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম খান চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক সেবা নয়; এটি নৈতিকতা, স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার ওপর প্রতিষ্ঠিত একটি ব্যাংকিং ব্যবস্থা। গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করছে। গুলশান সার্কেল-১ ইসলামী ব্যাংকিং শাখার যাত্রা শুরুর ফলে এ অঞ্চলের গ্রাহকরা শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের আরও সুযোগ পাবেন। তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা অর্জন, উন্নত সেবা নিশ্চিত করা এবং ইসলামী ব্যাংকিংয়ের নীতিমালা যথাযথভাবে অনুসরণের মাধ্যমে এ শাখা একটি নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা কেন্দ্রে পরিণত হবে।