অভিজ্ঞ ও খ্যাতিমান ব্যাংকার মো. সাব্বির হোসেন ১ জানুয়ারি থেকে ব্যাংক এশিয়া পিএলসিতে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগদান করেছেন। জনাব হোসেন প্রযুক্তি, অপারেশনস্, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং খাতে তিন দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন। ১৯৯৪ সালে এএনজেড গ্রিনলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে (এসসিবি) যোগ দেন।
এএনজেড এবং এসসিবিতে কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি হেড অব ব্যাংকিং অপারেশনস, ব্রাঞ্চ অপারেশনস, পারসোনাল ব্যাংকিং, প্রক্সিমিটি ব্যাংকিং, কান্ট্রি টেকনোলজি, অপারেশনাল রিস্ক অ্যান্ড সার্ভিস কোয়ালিটি এবং সবশেষ হেড অব করপোরেট, ইনস্টিটিউশনাল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেন। মো. সাব্বির হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে সোশ্যাল প্রোগ্রাম ইভ্যালুয়েশন বিষয়ে এক্সিকউটিভ এডুকেশন সম্পন্ন করেছেন এবং হার্ভার্ড কেনেডি স্কুল থেকে ইকোনমিক ডেভেলপমেন্ট ও পাবলিক পলিসি বিষয়ে এক্সিকিউটিভ সার্টিফিকেট অর্জন করেছেন।













