ব্যাংকিং সেবার বাইরে থাকা দেশের বিপুল সংখ্যক মাদরাসা শিক্ষার্থীদের আর্থিক খাতে অন্তর্ভুক্তির লক্ষ্যে বাংলাদেশে সর্বপ্রথম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি চালু করেছে মুদারাবা মাদরাসা সঞ্চয়ী হিসাব তিলমিয। মাত্র একশ টাকা প্রাথমিক জমা দিয়েই যেকোনো মাদরাসা শিক্ষার্থী এ হিসাব খুলে উপভোগ করতে পারবেন শরিয়াহভিত্তিক ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা। ১৮ বছরের কম বয়সি শিক্ষার্থীরা তাদের অভিভাবকের মাধ্যমে তিলমিয হিসাব পরিচালনা করতে পারবেন। তবে ১৮ বছর পূর্ণ হলে নিজেরাই সরাসরি লেনদেন করতে পারবেন এ হিসাবে। শিক্ষার্থীদের জন্য এই ব্যাংকিং সেবা গ্রহণে কোনো ধরনের চার্জ প্রদান করতে হয় না। সরকারি স্কলারশিপ ও গিফটের টাকা গ্রহণ করা যাবে এই হিসাবে।
এ সেবা প্রসঙ্গে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, মানুষের মাঝে নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা তৈরিতে মাদরাসা শিক্ষার ব্যাপক ভূমিকা রয়েছে। এ ছাড়া দেশের ইসলামী শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে মাদরাসা শিক্ষার্থীরা অবদান রাখছেন। ইসলামে সুদ নিষিদ্ধ হওয়ার কারণে মাদরাসা শিক্ষার্থীরা প্রচলিত ব্যাংক সেবা গ্রহণে আগ্রহী নয়। এই শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ গুরুত্ব প্রদানে ঘাটতি ছিল। তারা ব্যাংক খাতের বাইরে বিভিন্ন অপ্রাতিষ্ঠানিকভাবে অর্থ সঞ্চয় করত। শিক্ষার্থীদের ক্ষুদ্র এই আমানত মূল আর্থিক ধারায় অন্তর্ভুক্তি করার লক্ষ্যে চালু করা হয়েছে এই তিলমিয হিসাব। ইতিমধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে ২০ হাজার মাদরাসা শিক্ষার্থী যুক্ত হয়েছেন। বছর শেষে ২ লাখ মাদরাসার শিক্ষার্থীকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা গ্রহণ করেছি। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি মাদরাসা পড়ুয়াদের আমরা আর্থিক সচেতনতা প্রদান করছি যাতে আলেম হওয়ার পাশাপাশি তারা কর্মজীবনে স্বাবলম্বী ও সফল হতে পারে।













