ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) পরিচালিত ৬৪.৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার পাওয়ার প্লান্ট প্রকল্পে অর্থায়ন করেছে।
প্রকল্পটিতে মোট ৬৭ মিলিয়ন মার্কিন ডলার মেয়াদি ঋণ অর্থায়ন সুবিধা সফলভাবে চূড়ান্ত হওয়ায় ৬ নভেম্বর ২০২৫ ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অর্থায়নের মধ্যে ২২ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং বাকি ৪৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে ইডকল, যা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রতিষ্ঠান দুটির দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে। পাবনায় অবস্থিত দেশের অন্যতম বড় এই সোলার প্লান্ট ইতিমধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। এই অর্জন টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়ানোর অগ্রযাত্রাকে আরও গতি দিয়েছে।
বাংলাদেশ সরকারের আওতাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) একটি যৌথ উদ্যোগ বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের একাধিক সোলার পাওয়ার প্লান্ট পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন, পিএইচডি এবং বাংলাদেশে কর্মরত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।













