ব্র্যাক ব্যাংক সম্প্রতি মনজুলা মোরশেদকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। তার মতো একজন অভিজ্ঞ এইচআর প্রফেশনালের এই নিয়োগ ব্যাংকটির পিপল-ফার্স্ট এজেন্ডার প্রতিফলন। এর মাধ্যমে ব্যাংকের সিনিয়র লিডারশিপ টিম আরও সমৃদ্ধ হলো। মনজুলা মোরশেদের নিয়োগ ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। তিনি ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।
টেলিকমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং, ব্যাংকিং ও এফএমসিজি খাতে মানবসম্পদ ও সাংগঠনিক নেতৃত্বে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে মনজুলা মোরশেদের। কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা, বৃহৎ পরিসরের সাংগঠনিক রূপান্তর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ-উপযোগী সক্ষমতা গড়ে তোলার বিষয়ে ইন্ডাস্ট্রিতে তিনি বিশেষভাবে পরিচিত।
তার প্রফেশনাল জার্নির ভিত্তি গড়ে উঠেছে শক্তিশালী একাডেমিক ও এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট অভিজ্ঞতার ওপর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং ইনসিয়াড, লন্ডন বিজনেস স্কুল ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে এক্সিকিউটিভ লিডারশিপ ও অ্যাডভান্সড এইচআর প্রোগ্রাম সম্পন্ন করেছেন।














