কর্পোরেট সুশাসনে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে টানা নবমবারের মতো আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই মাইলফলক বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন ও স্বচ্ছতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৪-এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে সর্বোচ্চ পদক গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক ব্যাংক। প্রতি বছর এই পুরস্কারটি সেসব প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যারা নিজেদের কার্যক্রমে করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতায় সর্বোচ্চ মান বজায় রাখে। ব্র্যাক ব্যাংকের এই অর্জনের পেছনে রয়েছে ব্যাংকটির শক্তিশালী পারফরম্যান্স। দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালাইজেশন, আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সর্বোচ্চ অংশগ্রহণ এবং দেশসেরা ক্রেডিট রেটিংপ্রাপ্ত ব্যাংক হিসেবে ব্যাংকটি এই সম্মাননা অর্জন করে। এ ছাড়া গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের (জিএবিভি) সদস্য হিসেবে ব্যাংকটি মূল্যবোধভিত্তিক ও টেকসই ব্যাংকিং কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
১৭ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খানের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা, এফসিএসহ অন্য বিশিষ্ট অতিথিরা।













