এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৫ সালের জন্য নিজস্ব তহবিল থেকে ২৯.৩ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে ও প্রতিবন্ধকতাকে সুযোগে পরিণত করতে সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়েছে। এডিবির বার্ষিক প্রতিবেদন ২০২৫-এ জটিলতা ও অনিশ্চয়তায় ভরা ২০২৫ সালে ব্যাংকটির কার্যক্রমগত, প্রাতিষ্ঠানিক এবং আর্থিক গুরুত্বপূর্ণ দিকগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে।
এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, ২০২৫ সালে এডিবি অভূতপূর্ব মাত্রার সহায়তা প্রদান করেছে, যা ২০২৪ সালের তুলনায় ২০ শতাংশ বেশি এবং এর ফলে ৩৩ লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে ও ১৮ কোটিরও বেশি মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চাহিদা অনুযায়ী ব্যাপক পরিসরে এবং দ্রুততার সঙ্গে সহায়তা প্রদানে এডিবির সক্ষমতা প্রদর্শন করে।
সরকার ও বেসরকারি খাতকে প্রদত্ত ঋণ, অনুদান, ইকুইটি বিনিয়োগ, গ্যারান্টি এবং কারিগরি সহায়তা পূর্ববর্তী বছরের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৯.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত ১৪.৭ বিলিয়ন ডলার পাওয়ায় এই পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।
২০২৫ সালে এডিবির জন্য বেসরকারি খাতের উন্নয়ন একটি প্রধান অগ্রাধিকার ছিল, যার জন্য সংস্থাটির প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৫.৫ বিলিয়ন ডলার। অন্যদিকে এর সরকারি খাতের প্রতিশ্রুতির অর্ধেক সরাসরি অবকাঠামো, সংস্কার এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণের জন্য প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করেছে। বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা করার জন্য এডিবি বিশেষভাবে উপযুক্ত, কারণ এর সরকারি ও বেসরকারি খাতের কার্যক্রম একই ছাদের নিচে পরিচালিত হয়, একটি আইনি সত্তা গঠন করে এবং একটিই ব্যালেন্স শিট ব্যবহার করে।
এডিবি মধ্য-পশ্চিম এশিয়ায় ৮.৩ বিলিয়ন ডলার, পূর্ব এশিয়ায় ১.৪ বিলিয়ন ডলার, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৬৮০ মিলিয়ন ডলার, দক্ষিণ এশিয়ায় ৯.৭ বিলিয়ন ডলার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯ বিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে ৩০২ মিলিয়ন ডলার আঞ্চলিক প্রকল্পগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে। অর্থায়ন, পরিবহন এবং সরকারি খাত ব্যবস্থাপনা ছিল তহবিল প্রাপ্তির ক্ষেত্রে শীর্ষ তিনটি খাত।
উন্নয়নশীল সদস্য দেশগুলোকে উচ্চমানের এবং সুনির্দিষ্ট লক্ষ্যযুক্ত সহায়তা প্রদানের জন্য এডিবি ২০২৫ সালে যুগান্তকারী প্রাতিষ্ঠানিক সংস্কার অনুমোদন করেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিলÑ ব্যাংকের ঋণ প্রদানের সীমাবদ্ধতা অপসারণ এবং শেয়ারহোল্ডারদের সাধারণ মূলধন বৃদ্ধি ছাড়াই অর্থায়ন ক্ষমতা ৫০ শতাংশ বৃদ্ধি করার লক্ষ্যে এডিবি সনদের একটি সংশোধনী; উন্নয়নশীল সদস্য দেশগুলোতে জ্বালানির সহজলভ্যতা ও নিরাপত্তাকে আরও ভালোভাবে সমর্থন করার জন্য এর জ্বালানি নীতির একটি হালনাগাদ; গুণমান, স্থায়িত্ব এবং অর্থের সঠিক ব্যবহারের প্রতি এডিবির অঙ্গীকারকে শক্তিশালী করার জন্য ক্রয় প্রক্রিয়াকে সুবিন্যস্ত করা; নবায়নযোগ্য জ্বালানি এবং ডিজিটাল প্রযুক্তির জন্য অপরিহার্য উপকরণের চাহিদাকে দায়িত্বশীল ও টেকসইভাবে কাজে লাগানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ খনিজ থেকে উৎপাদন পর্যন্ত মূল্য শৃঙ্খলকে সমর্থন করার জন্য একটি নতুন পন্থা।
এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল প্রবৃদ্ধিকে সমর্থনকারী একটি শীর্ষস্থানীয় বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। এর সদস্য ও অংশীদারদের সঙ্গে মিলে জটিল প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করার জন্য এডিবি জীবনযাত্রার মান উন্নয়ন, উন্নত অবকাঠামো নির্মাণ এবং আমাদের গ্রহকে সুরক্ষিত রাখতে উদ্ভাবনী আর্থিক উপকরণ ও কৌশলগত অংশীদারত্বকে কাজে লাগায়। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির মালিকানায় রয়েছে ৬৯টি সদস্য দেশÑ যার মধ্যে ৫০টি এই অঞ্চলের।
Home অর্থনীতি আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনীতি এডিবি ২০২৫ সালে তার কার্যক্রম ২৯.৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছে










