ইসলামী ব্যাংকের আমানত এখন ১ লাখ ৮৩ হাজার কোটি

0
218

চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা। এক বছরে বেড়েছে ২২ হাজার কোটি টাকা বেশি। এ ছাড়া ইসলামী ব্যংকের এজেন্ট ব্যাংকিংয়ের আমানতও এখন ২২ হাজার কোটি টাকা; যা গত বছরের তুলনায় ৫ হাজার কোটি টাকা বেশি। প্রবাসীদের আস্থা ও ভালোবাসায় রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংক ১৮ বছর ধরে শীর্ষে রয়েছে। গত এক বছরে এ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭৬ হাজার কোটি টাকা। ২০২৫ সালে ইসলামী ব্যাংক আমদানি ও রপ্তানি বাণিজ্য করেছে যথাক্রমে ৫৯ হাজার ৬১৪ কোটি ও ৩১ হাজার ৫০৪ কোটি টাকা। আস্থা ও নির্ভরতার প্রতীক ইসলামী ব্যাংকের বর্তমান গ্রাহকসংখ্যা ৩ কোটি; যা গত এক বছরে বেড়েছে ৫০ লাখ। ইসলামী ব্যাংক বর্তমানে ৪০০টি শাখা, ২৭১টি উপশাখা, ২৭৮৮টি এজেন্ট আউটলেট ও ৩০৪০টি এটিএম/সিআরএম বুথের বৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে।
১০ জানুয়ারি ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে শুরু হওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির দুদিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়া বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ১৬টি জোনের জোনপ্রধান এবং ৪০০টি শাখার ব্যবস্থাপকরা অংশ নেন।