দেশের ঐতিহ্যকে আধুনিক প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরতে এবং তরুণ উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ব্র্যাক ব্যাংক আয়োজন করেছে ঐতিহ্যের হাট ২০২৫। গ্লোবাল অন্ট্রপ্রেনরশিপ উইকের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ইভেন্টের আয়োজন করা হয়, যেখানে এক মঞ্চে প্রদর্শিত হয়েছিল বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য, সংস্কৃতি, পণ্য ও খাবারের অনন্য বৈচিত্র্যতা। সাংস্কৃতিক ঐতিহ্য কীভাবে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে পারে, এ বছরের থিম ব্র্যান্ডিং বাংলাদেশের মাধ্যমে সেটিই তুলে ধরা হয়েছে।
দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ড্যাফোডিল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্ট্রপ্রেনরশিপ ডিপার্টমেন্টের ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায়। ইভেন্টে গ্রামবাংলার পণ্য, হ্যান্ডিক্রাফট, আঞ্চলিক খাবার ও লোকজ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের ব্র্যান্ডিং প্রজেক্ট ও স্টার্টআপ আইডিয়াগুলোও তুলে ধরা হয়েছে। আয়োজনে প্রায় ৫ হাজার শিক্ষার্থী উদ্যোগ, ব্র্যান্ডিং, মার্কেটিং, গ্রাহক সম্পৃক্ততা ও ব্যবসায়িক কার্যক্রমের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছে, যা দেশে নতুন ব্যবসায় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে সংশ্লিষ্টরা।
২৩ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল, ট্রেজারার ড. হামিদুল হক খান এবং ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস জাকিরুল ইসলাম এবং হেড অব এসএমই বিজনেস সাপোর্ট মো. মহসিনুর রহমান। এ ছাড়া আয়োজনে অংশগ্রহণ করেন ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থী, শিল্প নেতৃবৃন্দ, ও তরুণ উদ্যোক্তারা।













