বাংলাদেশের শীর্ষস্থানীয় কনগ্লোমারেট ডিবিএল গ্রুপকে উন্নত ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সেবা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ সেবা ডিবিএল গ্রুপের পেমেন্ট কার্যক্রমকে করবে আরও গতিশীল ও ঝামেলাহীন। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ডিবিএল গ্রুপের ইআরপি সিস্টেমের সঙ্গে হোস্ট-টু-হোস্ট সংযোগ স্থাপন করেছে। এই ইন্টিগ্রেশনের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে। ব্যাংকটির করপোরেট ডিজিটাল প্ল্যাটফর্ম কর্পনেট মেকার মডিউল ম্যানুয়াল কাজের প্রয়োজনীয়তা দূর করে কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করবে। এই ডিজিটাল সিস্টেমের ফলে ট্রানজ্যাকশনের তাৎক্ষণিক আপডেট পাওয়া যাবে, দ্রুত পেমেন্ট সম্পন্ন হবে এবং নিরাপদ ও সুরক্ষিত চ্যানেলে ডেটা আদান-প্রদান নিশ্চিত হবে।
৫ অক্টোবর ২০২৫ ডিবিএল গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই অ্যান্ড করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ। ডিবিএল গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এমএ রহিম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড গ্রুপ সিইও এম. এ. কাদের (অনু)।













