এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার সম্মাননা পেল ব্র্যাক ব্যাংক

0
378

গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫-এ এশিয়ার সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার সম্মাননা জিতেছে ব্র্যাক ব্যাংক। ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এই পুরস্কারটি গ্রহণ করেন।
পানি, পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্যবিধি (ওয়াশ) ফাইন্যান্সিং প্রোগ্রামের জন্য ব্র্যাক ব্যাংক এ স্বীকৃতি অর্জন করেছে। উন্নয়ন অংশীদার ওয়াটার ডট ওআরজির সহযোগিতায় মাত্র এক বছরের বেশি কিছু সময়ের মধ্যেই ব্যাংকটি একটি উল্লেখযোগ্য ওয়াশ পোর্টফোলিও গড়ে তুলতে সক্ষম হয়েছে, যার মাধ্যমে দেশের প্রায় সাড়ে ৩ লাখেরও বেশি মানুষের স্যানিটেশন এবং ৮ লাখেরও বেশি মানুষের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত হয়েছে।
ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অধীন এসএমই ফাইন্যান্স ফোরামের আয়োজনে জি-২০ গ্লোবাল পার্টনারশিপ ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের (জিপিএফআই) অফিসিয়াল ইভেন্ট হিসেবে গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস দেওয়া হয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কার দেওয়া হয়। এই স্বীকৃতির অর্জনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এশিয়া অঞ্চলে সাসটেইনেবল ফাইন্যান্সের ভবিষ্যৎ গড়ে তোলায় অবদান রাখা অগ্রণী আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে স্থান করে নিয়েছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী শতাধিক আবেদনকারী প্রতিষ্ঠান থেকে ৫০টি প্রতিষ্ঠানকে শর্টলিস্ট করা হয়, যেখানে বাংলাদেশ থেকে স্থান করে নিয়েছিল তিনটি প্রতিষ্ঠান। এর মধ্যে এশিয়া অঞ্চলের বিজয়ী হিসেবে এই সম্মাননা জিতে নেয় ব্র্যাক ব্যাংক, যার মাধ্যমে বৈশ্বিক মঞ্চে ব্যাংকটির নেতৃত্বস্থান সুপ্রতিষ্ঠিত হয়েছে।