কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় বগুড়ার বাগবাড়ী, পদ্মপাড়া ও মহাস্থানগড় এলাকায় সম্প্রতি ৩ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের সবজি বীজ, সরিষা বীজ, বিভিন্ন ধরনের সার এবং কীটনাশক।
বাগবাড়ী, গাবতলীর সরকারি শহিদ জিয়া ডিগ্রি কলেজ আয়োজিত অনুষ্ঠানে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন প্রধান অতিথি এবং এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রন্তিক কৃষকদের মধ্যে ওই কৃষি উপকরণগুলো বিতরণ করেন। বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ম্যানেজিং ডিরেক্টর এম শামসুল আরেফিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।














