নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক

0
38

গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। ২০ জুলাই রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। এ অংশীদারত্বের আওতায় নগদের প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের যেসব প্রত্যন্ত অঞ্চলে এনআরবি ব্যাংকের নিজস্ব শাখা নেই, সেখানে গ্রাহকদের ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং এনআরবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রিয়াজ খান। চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের মাধ্যমে প্রবাস থেকে পাঠানো রেমিট্যান্স দ্রুততম সময়ে নগদের ওয়ালেটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। এর ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে উপকারভোগীরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন। এ ছাড়া নগদ ও এনআরবি ব্যাংক যৌথভাবে ন্যানো লোন, করপোরেট কালেকশনসহ বিভিন্ন আর্থিক সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেবে বলে অনুষ্ঠানে জানানো হয়।