দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কিউআরভিত্তিক লেনদেনে উৎসাহিত করতে সম্প্রতি দিনব্যাপী বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণে এ ক্যাম্পেইনটি আয়োজনে সহযোগিতা করেছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি।
প্রধান অতিথি হিসেবে বাংলা কিউআর মেলা উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এ সময় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, মো. জাকির হোসেন চৌধুরী ও ড. মো. কবির আহাম্মদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ডাচ-বাংলা ব্যাংকের পক্ষে ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. এহতেশামুল হক খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেলায় ইউনিলিভার বাংলাদেশ, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন), ইউনিমার্ট, স্যাভয় আইসক্রিম, আরএফএল গ্রুপ ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডসহ এফএমসিজি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রয় বুথ স্থাপন করে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী দিনব্যাপী বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা ও লেনদেন সম্পন্ন করেন।









