ডিজিটাল কমার্সে নতুন উদ্যোগ : কমিউনিটি ব্যাংক-ভিনি কসমেটিকস অংশীদারত্ব

0
124

গ্রাহকদের জন্য ডিজিটাল সুবিধা বাড়ানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাজার সম্পৃক্ততা শক্তিশালী করতে ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই অংশীদারত্বের ফলে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারী গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্টেকহোল্ডার এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা ভিনির অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্মে নির্বাচিত কসমেটিকস পণ্যে আকর্ষণীয় ডিজিটাল ছাড় সুবিধা পাবেন। উদ্যোগটি ব্যাংকের এসএমই থ্রি-সিক্সটি ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে।
শুধু গ্রাহক সুবিধাই নয়, এই সহযোগিতা কমিউনিটি ব্যাংকের এসএমই গ্রাহকদের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করবে। যোগ্য এসএমই উদ্যোক্তারা ভিনির মাধ্যমে পণ্য বিতরণ, বাজার সংযোগ এবং ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ানোর সুযোগ পাবেন। এতে করে তাদের ব্যবসা সম্প্রসারণ ও শেষ ধাপ পর্যন্ত বাজারে প্রবেশ সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
দুই প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) আহসান পারভেজ খন্দকার। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদসহ ভিনি কসমেটিকসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।