মো. এহতেশামুল হক খান ডাচ-বাংলা ব্যাংকের এমডি

0
160

বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে যোগ দিয়েছেন মো. এহতেশামুল হক খান। ৭ ফেব্রুয়ারি তিনি নতুন কর্মস্থলে যোগদান করে দায়িত্বভার বুঝে নেন। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি বয়সের সময়সীমার কারণে ব্যাংকটির এমডি আবুল কাশেম মো. শিরিনের নিয়মিত চাকরির মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষের আগে তিনি টানা আট বছর ব্যাংকটির এমডির দায়িত্ব পালন করেন। তার মেয়াদ শেষের কারণে আজ ছুটির দিনে নতুন এমডি তার দায়িত্বভার গ্রহণ করেন। অর্থাৎ ডাচ-বাংলা ব্যাংকে আবুল কাশেম মো. শিরিনের স্থলাভিষিক্ত হয়েছেন এহতেশামুল হক খান।
ব্যাংকটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. এহতেশামুল হক খান ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে যোগদান করার আগে প্রায় ছয় বছর তিনি ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ব্যবসায় কর্মকর্তা (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। এহতেশামুল হক খান ব্যাংকটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ডাচ-বাংলা ব্যাংকের স্থানীয় কার্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মো. এহতেশামুল হক খান ২০০৩ সালে ডাচ-বাংলা ব্যাংকে যোগ দেন। এই দীর্ঘ সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুণগত পরিবর্তন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৯৫ সালে বেসিক ব্যাংকে সহকারী ব্যবস্থাপক (অন প্রবেশন) হিসেবে তার ব্যাংকিং পেশা শুরু হয়। সব মিলিয়ে এই ব্যাংকারের ৩০ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে।
মো. এহতেশামুল হক খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসসি (স্নাতক) ও এমএসসি (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন।