সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের কর্মকর্তা ও কর্মচারীদের ৫৩ জন মেধাবী সন্তানকে সম্মাননা প্রদান করেছে যারা ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অথবা ও-লেভেল পরীক্ষায় ছয়টি ‘এ’ গ্রেড অর্জন করে উজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
এই কৃতিত্বপূর্ণ সাফল্য উদযাপন উপলক্ষে ব্যাংকের পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং উপহারসামগ্রী তুলে দেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এমএ কাশেম। এই সম্মাননা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জনকেই স্বীকৃতি দেয়নি, বরং তাদের পরিবার ও অভিভাবকদের অবদানকেও যথাযথভাবে সম্মান জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম। তিনি নিজ হাতে কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও তাদের পরিবার-পরিজনের অনন্য সহযোগিতার প্রশংসা করেন। তার মূল্যবান বক্তব্যে তিনি বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়Ñএটি পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক সবসময় প্রতিভা ও সাফল্যকে সম্মান জানাতে গর্ববোধ করে।













