প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন হিসাব চালু করল ট্রাস্ট ব্যাংক

0
34

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিদেশে অর্জিত অর্থ দেশে সঞ্চয়, ব্যবস্থাপনা ও বিনিয়োগের সুযোগ সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ হিসাবের মূলধন ও অর্জিত সুদ বা মুনাফা অবাধে বিদেশে প্রত্যাবাসনের সুযোগ থাকবে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নতুন হিসাবের উদ্বোধন করেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আহসান জামান চৌধুরী।
ব্যাংকটি জানিয়েছে, তিন ধরনের এনআরসিটি হিসাব চালু করা হয়েছে। এগুলো হলো— ট্রাস্ট এনআরসিটিএ সঞ্চয়ী হিসাব, ট্রাস্ট এনআরসিটিএ চলতি হিসাব এবং ট্রাস্ট এনআরসিটিএ স্থায়ী আমানত। কোনো প্রাথমিক জমা ছাড়াই সম্পূর্ণ অনলাইনে এসব হিসাব খোলা যাবে। ট্রাস্ট ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখা ও অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমেও এ সুবিধা নেওয়া যাবে। হিসাবগুলোর সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় সুদহার, মুনাফা পুনর্বিনিয়োগ, বৈদেশিক মুদ্রায় রূপান্তর, মাসিক সঞ্চয় প্রকল্প ও পোর্টফোলিও বিনিয়োগের সুযোগ। পাশাপাশি হিসাবের স্থিতির বিপরীতে ঋণ গ্রহণ এবং প্রতিযোগিতামূলক বিনিময় হারে অর্থ লেনদেনের সুবিধা থাকবে।
ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, এ হিসাবের মাধ্যমে প্রবাসীরা বিশ্বের যেকোনো স্থান থেকে দেশে তাদের অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করতে পারবেন। পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের বৈদেশিক আয় দেশে আনা ও ব্যবস্থাপনার সুযোগ সম্প্রসারিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আখলাসুর রহমান ভূঁইয়া; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান পরিচালন কর্মকর্তা হাসনা হেনা চৌধুরী; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান মো. কামাল হোসাইন সরকার এবং এসইভিপি ও বিজনেস ডিভিশনের প্রধান মো. মাহবুব হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।