ব্র্যাক ব্যাংক পিএলসির ডিজিটাল অর্থায়ন কর্মসূচি সাফল্যের আওতায় উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গাজীপুরে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। ডিজিটাল ঋণসেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সমাবেশে সহযোগিতা করেছে গেটস ফাউন্ডেশন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাফল্য ডিজিটাল ঋণের লাইভ ডিসবার্সমেন্ট প্রদর্শন। এ সময় ডিজিটাল ঋণ গ্রাহকের অ্যাকাউন্টে ডিসবার্স করা হয়। এ লাইভ প্রদর্শনের মাধ্যমে মূলত সাফল্য ঋণ সেবার দ্রুততা, স্বচ্ছতা ও কার্যকারিতা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়। দেশের প্রথম ব্যাংক হিসেবে এসএমই খাতে ডিজিটাল লোনের প্রবর্তন করেছে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কাছ থেকে সরাসরি মতামত নেওয়া হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ব্র্যাক ব্যাংক সবসময় আর্থিক অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। একই সঙ্গে ডিজিটাল ট্রান্সফরমেশনকেও প্রাধান্য দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় চালু করা হয় সাফল্য ডিজিটাল লোন, যেখানে আবেদনের কয়েক মিনিটের এসএমই উদ্যোক্তারা ঋণ পেয়ে যান।














