বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) উদ্যোগে এবং এনসিসি ব্যাংকের নেতৃত্বে বিভিন্ন ব্যাংকের ব্যামেলকো এবং অফিসারদের জন্য মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মো. মোস্তাকুর রহমান। এনসিসি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও ক্যামেলকো এম. শামসুল আরেফিন ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যানের মধ্যে বিএফআইইউর যুগ্ম পরিচালক মিস জোবায়দা আফরোজ, উপ-পরিচালক সৈকত কুমার সরকার ও মিস ফেরদৌস আরা এবং এনসিসি ব্যাংকের এসভিপি ও ডেপুটি ক্যামেলকো মো. বাকের হোসেন রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া এনসিসি ব্যাংকের এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বিভিন্ন ব্যাংকের ৮৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মো. মোস্তাকুর রহমান অংশগ্রহণকারী কর্মকর্তাদের ব্যাংকিং অঙ্গনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ব্যাংক তথা দেশ ও জাতির স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইন ব্যাংকিং ক্ষেত্রে প্রয়োগে যথাযথ ভূমিকা রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এনসিসি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও ক্যামেলকো এম. শামসুল আরেফিন প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের কলাকৌশল ভালোভাবে রপ্ত করে ব্যাংকগুলোর ভাবমূর্তি রক্ষায় কাজ করতে আহ্বান জানান। তিনি উপস্থিত কর্মকর্তাদের মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালন করে সতর্কতার সঙ্গে কাজ করারও পরামর্শ দেন।
Home প্রেস রিলিজ এনসিসি ব্যাংকের নেতৃত্বে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা














