আল-আরাফাহ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ২০ জানুয়ারি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লাহ খান বলেন, আধুনিক ব্যাংকিংয়ে টিকে থাকতে ও নেতৃত্ব দিতে হলে প্রতিটি শাখা ব্যবস্থাপককে হতে হবে একজন দূরদর্শী, দক্ষ ও নৈতিক ব্যাংকার। নেতৃত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান ও কৌশল এই কোর্সে শেখানো হবে, যা ভবিষ্যতে উচ্চতর দায়িত্ব পালনে সহায়তা করবে। তিনি আরও বলেন, নৈতিক ব্যাংকিং চর্চা ও সুশাসন প্রতিষ্ঠা শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো ব্যাংকিং খাতের জন্য অপরিহার্য। দক্ষতা ও দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে ওঠা নেতৃত্বই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি সফলতা বয়ে আনে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ৪০ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।














