সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সিইও হলেন মুহাম্মদ নুরুল আলম চৌধুরী

0
82

সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ নুরুল আলম চৌধুরী। সম্প্রতি তার নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। নন-লাইফ বীমা শিল্পে নুরুল আলম দীর্ঘ প্রায় ৩৪ বছর কাজ করেছেন। তিনি ইস্টার্ন ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স ও সবশেষ ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডে দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মুহাম্মদ নুরুল ১৯৯০ সালে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের হিসাব বিভাগে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন কোম্পানিতে হিসাব বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, মার্কেটিং বিভাগ এবং কোম্পানি সচিব ও সিএফও, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
নুরুল আলম চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং কানাডিয়ান এডুকেশন সেন্টার থেকে সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্ট্যান্ট অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড থেকে অ্যাকাউন্টিং, ট্যাক্স, ভ্যাট, প্রিন্সিপাল অ্যান্ড কনভেনশনাল প্র্যাকটিসেস অব ইসলামিক ইন্স্যুরেন্স এবং কমপ্লায়েন্স অব করপোরেট গভর্নেন্সের ওপর সনদ অর্জন করেন। তিনি বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে বীমার ওপর সেমিনার এবং ওয়ার্কশপে অংশ নিয়েছেন।
মুহাম্মদ নুরুল আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশসহ ২৫টি দেশ ভ্রমণ করেছেন। তিনি সোনাগাজীর সফরপুর গোলামগঞ্জ দীঘিরপাড় জামে মসজিদের সভাপতি এবং মাওলানা বজলুল করিম জামে মসজিদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। একই সঙ্গে আন্তর্জাতিক লায়ন্স ক্লাব বাংলাদেশের জেলা গভর্নরের একজন সক্রিয় উপদেষ্টা। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।