চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে এমটিবি

0
37

দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়ন এবং সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে অংশ নিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এ স্কিমের আওতায় ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে বলে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ সময় এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং এমটিবির এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দেসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।