মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে চট্টগ্রামে মাসব্যাপী (১০০ ঘণ্টা) উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন। এ ছাড়া সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মো. মাসুম বিল্লাহ; অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার; মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান ও এসইভিপি মো. সাইফুল আলম চৌধুরী এবং এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ নিজামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।














