মিডল্যান্ড ব্যাংকের ই-লোন সেবা চালু

0
44

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এমডিবি ই-লোন নামে একটি সম্পূর্ণ ডিজিটাল ঋণসেবা চালু করেছে। এ সেবার মাধ্যমে গ্রাহকরা মিডল্যান্ড অনলাইন মোবাইল অ্যাপ ব্যবহার করে দ্রুত, সহজ ও ঝামেলামুক্তভাবে ঋণ নিতে পারবেন। ব্যাংকের ঢাকার গুলশান-২ নম্বরের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ইমতিয়াজ ইউ আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নজমুল হুদা সরকারসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ নির্দেশনার আলোকে বাণিজ্যিকভাবে ই-ঋণ সেবা চালুর অংশ হিসেবে এমডিবি ই-লোন সেবা চালু করা হয়েছে। এ সুবিধার আওতায় যোগ্য গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের পরিশোধকাল হবে সর্বোচ্চ ১২ মাস। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ বলেন, এমডিবি ই-ঋণ চালুর মাধ্যমে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবা বৃদ্ধির প্রতি ব্যাংকের অঙ্গীকার হয়েছে।