আইএফআইসি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সব উপশাখার অংশগ্রহণে আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬ চট্টগ্রাম অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ক্লাবে শনিবার দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মনসুর মোস্তফা ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে ছিলেন চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. মঞ্জুরুল মুমিনসহ সংশ্লিষ্ট উপশাখাগুলোর কর্মকর্তারা।
অনুষ্ঠানে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকের মূল শক্তি হলো গ্রাহকের আস্থা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরলস পরিশ্রম। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে উপশাখাগুলো গ্রাহকসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে চট্টগ্রাম অঞ্চলে আইএফআইসি ব্যাংক গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মনসুর মোস্তফা বলেন, দেশব্যাপী বিস্তৃত উপশাখা নেটওয়ার্ক আইএফআইসি ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধির একটি শক্ত ভিত্তি। কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গ্রোথ ও আধুনিক ব্যাংকিং সেবার প্রসারে ব্যাংক কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে নানামুখী উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম। তিনি ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।














